নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরও দেশটির বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি ভারত। এমনকি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির সামরিক জান্তা সরকারের সঙ্গে উল্লেখযোগ্য কোনো আলোচনাও করেনি নয়াদিল্লি। এতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং ভারতে অবস্থানরত শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে রায় প্রদান করেন। বিশ্বের বিভিন্ন দেশ এই রায়কে স্বাগত জানালেও ভারত তা স্বাগত জানায়নি, আবার প্রত্যাখ্যানও করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ২০ নভেম্বর জানান, তারা আদালতের রায়টি ‘নোট করেছেন’। তিনি আরও বলেন, ভারত বরাবরই রোহিঙ্গাদের নিরাপদ ও দীর্ঘমেয়াদি প্রত্যাবর্তনের পক্ষে। এ সময় তিনি ভারতের ‘অপারেশন ইনসানিয়াত’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শিবির ও মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তার কথা উল্লেখ করেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করলেও তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা বিভিন্ন সময় রোহিঙ্গাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন। ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ এবং চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখা ভারতের জন্য অপরিহার্য। তিনি মনে করেন, মিয়ানমারকে অসন্তুষ্ট করলে ভারতের ভূরাজনৈতিক স্বার্থ ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, ২০২৫ সালের মে মাসে দিল্লিতে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমার উপকূলের কাছাকাছি সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দিতা ঘোষাল জানান, মিয়ানমারের চিন শরণার্থীদের প্রতি ভারতের সহানুভূতি থাকলেও রোহিঙ্গাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, ভারত রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করতে চায়। এছাড়া ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর না করায় ভারতে শরণার্থীদের সুরক্ষায় কোনো সুনির্দিষ্ট আন্তর্জাতিক নীতিকাঠামো নেই। ফলে কেন্দ্রীয় সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গির ওপরই শরণার্থীদের ভাগ্য নির্ভর করছে।





