নিজস্ব প্রতিবেদক

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে গুরুতর চোট পেয়েছেন। গত ২০ নভেম্বর সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রাচে ভর দিয়ে উপস্থিত হয়ে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি রসিকতা করে বলেন, 'আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫ বছর।'


ঘটনার বিবরণে জানা যায়, চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন মেয়র। মাঠের খেলায় গোল করার কিছুক্ষণ পরই তিনি চোট পান। মেয়র জানান, শরীরচর্চার মাধ্যমে পেশি যথাযথভাবে প্রসারিত না করার কারণেই এই অনাকাঙ্ক্ষিত চোটের শিকার হয়েছেন তিনি। তবে চোট পেলেও নিজের দলের জয়ের কথা উল্লেখ করে তিনি জানান, তাদের দল সংবাদকর্মীদের দলকে ১০-৫ গোলে পরাজিত করেছে। ম্যাচে উপস্থিত এক সাংবাদিক জানান, কোনো প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে নয়, বরং মেয়র নিজেই পড়ে গিয়ে এই চোট পান।


চোট পাওয়ার পর মেয়রের ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ বিষয়ে মেয়রের প্রেস সচিব জো ক্যালভেলো শুক্রবার এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং মেয়র পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি গ্রেসি ম্যানশনে বিশ্রামে রয়েছেন।