নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। ককটেলের আঘাতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের সামনে এসে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো ব্যাংকের প্রধান ফটকে আঘাত করলে আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে দ্রুত অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।





