নিজস্ব প্রতিবেদক
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সাত মাস বয়সী শিশু মুশাহিদের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ৩০৪, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯৭৩ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১০৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চার এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫১৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯১, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪০, পার্কভিউ মেডিক্যালে ২২, নর্থ ইস্ট মেডিক্যালে ১৩, মাউন্ট এডোরা হাসপাতালে চার, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৮ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে মোট ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ১০৪, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে এক ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ১০৮, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে তিন শিশুর মৃত্যু হয়েছিল এবং ৩১ জন নতুন শনাক্ত হয়েছিলেন।





