নিজস্ব প্রতিবেদক
বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত ইরানের সাউথ পার্সের তিনটি ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন পুনরায় উৎপাদনে ফিরেছে। শনিবার সকালে পাইপলাইনগুলো সচল করা হয়। ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চতুর্থ শোধনাগারের অধীন গ্যাস লাইন ১ ও ৪ এবং ষষ্ঠ শোধনাগারের গ্যাস লাইন ৩ পুনরায় চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে ইরানের দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতা দুই কোটি ঘনমিটার বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, শীতকালে বিদ্যুৎ, গ্যাস ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হলে জনগণের সমর্থন, উৎপাদনকারীদের কঠোর পরিশ্রম এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
উল্লেখ্য, যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ইরানের বিদ্যমান জ্বালানি সংকটকে আরও তীব্র করেছে। শীত মৌসুম সামনে রেখে দেশটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।






