নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের চা বাগানগুলোতে শনিবার (২৮ নভেম্বর) চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়, দৈনন্দিন সমস্যার সমাধান ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা নিয়ে শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে আট হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে সাত হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে পাঁচ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে তিন হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে এক হাজার ১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোটকেন্দ্রে আসা শ্রমিক গোপাল গোয়ালা বলেন, বাগানের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকের অধিকার আদায়ের জন্য তিনি ভোট দিচ্ছেন। চা শ্রমিক জয়গুণ জানান, শ্রমিকদের লাঞ্ছনা ও বঞ্চনার কথা বলার হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই তিনি ভোট দিচ্ছেন।
নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, সকাল থেকেই জেলার চা বাগানগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।





