নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে সাত মাস বয়সী শিশুটির বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। শুক্রবার বেলা ১২টায় হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শিশুটি ‘মেনিনগোএনসেফালাইটিস উইথ সাসপেক্টেড মিজলস’-এ আক্রান্ত ছিল। অন্য শিশুটির বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। ২২ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর পাঁচ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ‘সিভিয়ার নিউমোনিয়া উইথ সাসপেক্টেড মিজলস’ ছিল তার মৃত্যুর কারণ।


হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে এবং বর্তমানে ১৬৪ শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


ডেঙ্গুতে মারা যাওয়া দুই নারীর একজন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং অন্যজন নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা। ফাতেমা গত ২০ নভেম্বর ভর্তি হওয়ার পর শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে মারা যান। চিকিৎসকদের মতে, ডেঙ্গুর জটিলতার পাশাপাশি অ্যাসপিরেশন নিউমোনাইটিস, শক ও হৃদ্‌যন্ত্রের জটিলতায় তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, বুধবার ভর্তি হওয়া মালেকা শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে মারা যান। ডেঙ্গুর জটিলতার সঙ্গে তীব্র কিডনি বিকল (অ্যাকিউট কিডনি ইনজুরি) হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে ৭২ জন চিকিৎসাধীন রয়েছেন। ২০২৬ সালে এ পর্যন্ত মমেক হাসপাতালে মোট ৫ হাজার ৬৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।


মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশু ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন, ফলে মৃত্যুঝুঁকি বাড়ছে। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।’