নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক সরদার মনিরুজ্জামান দায়িত্ব গ্রহণের চার দিনের মাথায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে তিনি নিজের কমিটিকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে এবং ‘পরিচ্ছন্ন রাজনীতি’র কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন।
গত ২৩ নভেম্বর পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আগের কমিটি বিলুপ্ত করে চার সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সরদার মনিরুজ্জামানকে আহ্বায়ক, শহিদুল ইসলামকে সদস্যসচিব, মাইনুল ইসলাম (মিন্টু)-কে যুগ্ম আহ্বায়ক এবং শোভন তালুকদারকে সদস্য করা হয়েছিল।
পদত্যাগের বিষয়ে সরদার মনিরুজ্জামান জানান, তিনি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তাকে নিয়ে এলাকায় দীর্ঘদিন অনুপস্থিত থাকার যে বিতর্ক উঠেছে, তা তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এছাড়া উপজেলা বিএনপি ও শ্রমিক দলের একাংশের বিরূপ প্রতিক্রিয়ার কারণে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
নাজিরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান জানান, সরদার মনিরুজ্জামান প্রায় ১৫ বছর রাজনীতিতে অনুপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই কমিটি গঠন করায় তারা লিখিতভাবে কমিটি বাতিলের সুপারিশ করেছিলেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন বলেন, তিনি নাজিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়কের পদত্যাগের বিষয়টি শুনেছেন, তবে এখনো পদত্যাগপত্র হাতে পাননি।






