নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পিংলা এলাকায় অবস্থিত ব্যাংকের এই শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ২-৩ জন মুখোশধারী ব্যক্তি ব্যাংকের প্রধান ফটকে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ফটকে আগুন ধরে গেলে ব্যাংকের নৈশপ্রহরী দ্রুত ফায়ার স্প্রে ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনার বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক কবির খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার কামরুল হাসান জানান, মুখোশধারীদের নিক্ষেপ করা বোমাসদৃশ বস্তুর কারণে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গিয়েছিল। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ব্যাংকের কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে।





