নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে পৃথক দুটি অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১০। বুধবার রাতে এই অভিযান চালানো হয়।
২৬ নভেম্বর ২০২৬ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ২৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আগানগর এলাকায় অভিযান চালায় এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি দল। অভিযানে ৫৯১ পিস ইয়াবাসহ ছালেহা বেগম নামে এক নারীকে আটক করা হয়। তাঁর বয়স ৪৬ বছর। বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চর গুলগুলিয়া এলাকায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা। এ সময় তাঁর কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর, রাত পৌনে ১১টার দিকে একই থানার রাজেন্দ্রপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ১০০ পিস প্যাথিডিনসহ মোঃ মমিনুল ইসলামকে আটক করা হয়। তাঁর বয়স ৫৫ বছর। বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ থানার লং হেলেনচা এলাকায়। উদ্ধার করা প্যাথিডিনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
এসআরবি-র দাবি, গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, প্যাথিডিনসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য উদ্ধারকৃত মাদকসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে "জিরো টলারেন্স" নীতিতে তাদের অভিযান ভবিষ্যতেও চলবে। শুধু মাদক নয়, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






