নিজস্ব প্রতিবেদক
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী নিজের দেশের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি দ্বিপদী আবৃত্তি করেছেন। মহাকাশযাত্রার পোশাক পরিহিত জিশান পাঁচজন চীনা সহযাত্রীর সামনে উর্দুতে আবৃত্তি করেন, ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / অভি ইশ্ক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ আবৃত্তি শেষে তিনি মান্দারিন ভাষায় সহযাত্রীদের কাছে কবিতাটির অর্থ ব্যাখ্যা করেন। তার এই পরিবেশনায় মুগ্ধ হয়ে সহযাত্রীরা তাকে অভিনন্দন জানান।
মহাকাশে ইকবালের কবিতা পৌঁছানোর ঘটনা এটিই প্রথম নয়। ১৯৮৪ সালের ৩ এপ্রিল ভারতের প্রথম নভোচারী স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ অভিযানে অংশ নিয়েছিলেন। সে সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে জানতে চাইলে, রাকেশ শর্মা ইকবালের ‘তারানা-এ-হিন্দি’ কবিতার পঙ্ক্তি ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা’ উদ্ধৃত করে উত্তর দিয়েছিলেন।
পরবর্তীতে ১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলার মহাকাশ অভিযানের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল তার সঙ্গে কথোপকথনের সময় ইকবালের কবিতার প্রসঙ্গ টেনেছিলেন। গুজরাল সেই একই দ্বিপদীর প্রথম পঙ্ক্তিটি আবৃত্তি করে মহাকাশের অভিজ্ঞতা সম্পর্কে কল্পনা চাওলার অনুভূতি জানতে চেয়েছিলেন।
উল্লেখ্য, আল্লামা ইকবাল ছিলেন বিংশ শতাব্দীর প্রখ্যাত কবি, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ। ১৮৭৭ সালের ৯ নভেম্বর ব্রিটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণকারী এই মনীষী ১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে স্বশাসিত রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন, যা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বুদ্ধিবৃত্তিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে তার মৃত্যু হয়।






