বাঁশের মাচা থেকে গ্রিনহাউসে শুঁটকি তৈরি
আত্রাইয়ের ভরতেঁতুলিয়া গ্রামে গ্রিনহাউসে শুঁটকি তৈরি করছেন রাকিবুল হাসান
কাজী কামাল হোসেন, নওগাঁ
| প্রিন্ট সংস্করণ
বাঁশের মাচায় রোদে মাছ শুকিয়ে শুঁটকি তৈরি বহুদিনের পরিচিত কর্মযজ্ঞ। নদী ও বিলের দেশি মাছ ঘিরে গড়ে ওঠা এই শিল্পে আবহাওয়ার অনিশ্চয়তা ও মাছ নষ্ট হওয়ার আশঙ্কা নিত্যসঙ্গী হলেও সেই ধারা ভেঙে এখন নতুন পথ দেখাচ্ছেন তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান। সাত লাখ টাকা বিনিয়োগ করে ‘গ্রিনহাউস ফিশ ড্রায়ার’ স্থাপন করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই উচ্চমূল্যের মানসম্মত শুঁটকি উৎপাদন করছেন, যা সমাদৃত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে।
গ্রিনহাউসের চারপাশ স্বচ্ছ পলিথিন শিট দিয়ে আবৃত। সূর্যের আলো ভেতরে প্রবেশ করে ঘরের তাপমাত্রা বাড়ায়। পাশাপাশি স্থাপন করা হয়েছে দুটি ছোট ফ্যান, যা বাতাস চলাচলে সহায়তা করে। এর ফলে মাছ থেকে নির্গত জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। উদ্যোক্তার দাবি, এ ব্যবস্থায় বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। পর্যাপ্ত সূর্যালোক থাকলে উৎপাদন দ্রুত করা যায় এবং আবহাওয়ার কিছু প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে নেওয়া সম্ভব হয়।
রাকিবুল হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রিনহাউসে তৈরি প্রতি কেজি শুঁটকি গড়ে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একই ধরনের মাছ প্রচলিত পদ্ধতিতে শুকিয়ে তৈরি শুঁটকির দাম কেজিপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজি শুঁটকিতে বিক্রয়মূল্যের ব্যবধান ৬৫০ থেকে ৭০০ টাকা। পরিচ্ছন্ন পরিবেশে প্রক্রিয়াজাতকরণ, প্যাকেটজাতকরণ ও অনলাইনে বিক্রির কারণে ক্রেতাদের একটি অংশের কাছে এ পণ্যের চাহিদা তৈরি হয়েছে বলে দাবি তাঁর। ঢাকার পুরানা পল্টনের বাসিন্দা আব্দুল্লাহিল বাকী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাকিবের কাছ থেকে নিয়মিত শুঁটকি সংগ্রহ করছেন। আব্দুল্লাহিল বাকী বলেন, ‘বাজারের প্রচলিত শুঁটকির তুলনায় এটি মানসম্পন্ন বলে মনে হয়েছে। দুর্গন্ধ নেই বললেই চলে, খেতেও সুস্বাদু। এ কারণে নিয়মিত নিচ্ছি।’ গ্রিনহাউসে শুঁটকি উৎপাদনে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মাছ সংগ্রহ, বাছাই, পরিষ্কার, কাটা, শুকানো ও প্যাকেটজাত করার কাজে যুক্ত রয়েছেন দুই পুরুষ শ্রমিক। পাশাপাশি নিয়মিত কাজ করছেন ছয় থেকে আটজন নারী শ্রমিক।
রাকিবুলের উদ্যোগ দেখে আধুনিক পদ্ধতিতে শুঁটকি তৈরির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও। তবে দীর্ঘদিন ধরে বাঁশের মাচায় মাছ শুকিয়ে অভ্যস্ত ব্যবসায়ীদের অনেকের পক্ষে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ী রিপন আকন্দ ও মঞ্জু মোল্লা বলেন, ‘আমরা বংশপরম্পরায় রোদে ও মাচায় মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করে আসছি। হঠাৎ বৃষ্টি বা অতিরিক্ত কুয়াশায় মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবে পুঁজির অভাবে ইচ্ছা থাকলেও প্রযুক্তির দিকে যেতে পারছি না।’ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আবুজার গাফফার বলেন, ‘শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহার করলেই শুঁটকি সম্পূর্ণ নিরাপদ হবে, এমন নয়। মাছের গুণগত মান, শুকানোর সঠিক পদ্ধতি, আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ ও প্যাকেটজাতকরণের মানও নিশ্চিত করতে হবে।’ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, শুঁটকি তৈরিতে গ্রিনহাউস ফিশ ড্রায়ারের ব্যবহার ইতিবাচক উদ্যোগ। মৎস্য দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।






