অঘ্রানের চলনবিল পাখির দখলে
ফসলের মাঠে পাখির ওড়াউড়ির দৃশ্য এখন চলনবিলের এক নৈমিত্তিক ঘটনা ছবি:: রাজু আহমেদ
এম আতিকুল ইসলাম বুলবুল
| প্রিন্ট সংস্করণ
অঘ্রান চলছে। চলনবিলের রাত এখন শিশিরে ভেজা। ভোরে ধানক্ষেতের আল ধরে হাঁটলে পায়ের পাতা ঠান্ডা হয়ে আসে। হেমন্ত বিদায় নিচ্ছে, শীত এসে দাঁড়িয়েছে দোরগোড়ায়। ঋতুর এ পালাবদলের খবরটা বিলে সবার আগে দেয় পাখিরা। যেখানে পানি হাঁটুসমান, সেখানেই এখন তাদের মেলা।
চলনবিল দেশের সবচেয়ে বড় বিল। সিরাজগঞ্জ, নাটোর ও পাবনা জেলাজুড়ে এর বিস্তার। ৪৭টি নদী ও জলপ্রবাহ এসে পড়েছে এ জলাভূমিতে আর পলি জমতে জমতে বিল ছোট হয়ে আসছে। পাড়ে বসতি বেড়েছে। একসময় যে জমি পতিত পড়ে থাকত, মানুষের প্রয়োজনে সেখানেও এখন ফসল ফলে। তবু বিলের যে অংশে পানি টিকে আছে, সেখানে খাবারের অভাব নেই। পোকামাকড়, শামুক-ঝিনুক, কাঁকড়া, ছোট ব্যাঙ, ছোট মাছ, শ্যাওলা আর লতাগুল্ম মিলে এটাই পাখির ভাঁড়ার। দেশি হোক বা পরিযায়ী, পাখি তাই সেখানেই নামে। দেশের খ্যাতিমান পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক বিষয়টি সহজ করে বুঝিয়েছেন। তাঁর কথায়, পানি আর খাবার থাকলে পাখি আসবেই। বিল, হাওর, নদী বা সমুদ্র– যেখানেই বিষটোপ, জাল আর ফাঁদ নেই, সেখানে নানা জাতের পাখি একই এলাকায় পাশাপাশি থাকতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম মনে করিয়ে দেন, এসব পাখি প্রকৃতির উপকারী বন্ধু। শামুক, পোকা, ব্যাঙ আর ছোট মাছ খেয়ে তারা পরিবেশের ভারসাম্য ধরে রাখে। তাঁর হিসাবে, বছরের চার থেকে পাঁচ মাস চলনবিলে পাখির খাবার মেলে সবচেয়ে বেশি।
গাছে গাছে পাখির সংসার সন্ধ্যা নামলে বিলের পাখি ফেরে আশপাশের গ্রামে। তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, সিংড়া, গুরুদাসপুর আর আত্রাইয়ের গ্রামে গ্রামে বাঁশঝাড়, পুরোনো তেঁতুল, বট-পাকুড়, কড়ই আর মেহগনির ডাল এখন পাখিতে ঠাসা। শত নয়, হাজারে গুনতে হয়। এমন গ্রামের নাম বললে প্রথমেই আসে উলিপুর। তাড়াশ সদর থেকে দক্ষিণে মাত্র তিন কিলোমিটার দূরের এ গ্রামে অনেক পুরোনো এক বিশাল দিঘি ঘিরে মানুষের বসতি। সেখানকার প্রাচীন বটগাছসহ নানা গাছে বাসা বেঁধেছে শত শত শামুকখোল। সকাল-বিকেল দূরদূরান্ত থেকে পাখিপ্রেমীরা আসেন। মগডালে বসে থাকা শামুকখোল আর পানকৌড়ি দেখেন। গাছতলার টং দোকানে রং চায়ে চুমুক দিতে দিতে ডানার ঝাপট আর ছানাদের কিচিরমিচিরে খানিকক্ষণের জন্য হারিয়ে যান। স্থানীয়দের হিসাবে, চলনবিলের ১০ উপজেলায় উলিপুরের মতো পাখির গ্রাম আছে আরও অন্তত ৫০টি। দিনের বেলা বিলের জলে চোখে পড়ে শামুকখোল, পানকৌড়ি, ডাহুক, মাছরাঙা, সাদা বক, কানিবক, সরালি, তিলা হাঁস, বালিহাঁস আর গাঙচিল। এদের বড় অংশই এ দেশের স্থায়ী বাসিন্দা। পাখিবিদদের ভাষ্য, শীতে এদের সঙ্গে যোগ দেয় উত্তরের হিমেল দেশগুলো থেকে উড়ে আসা পরিযায়ী পাখির ঝাঁক। তাড়াশের হামকুড়িয়া বিল, ভেটুয়ার কাটা খাল, কাটাবাড়ির ত্রিমোহনা, চাটমোহরের ধানকুনিয়া বিল, উল্লাপাড়ার চেংটিয়া বিল, ফরিদপুরের জলা, সিংড়াদহ, বেড়াবাড়ির বিল আর আত্রাইয়ের জলাভূমি এখন তাদের দখলে। পালকে ঠোঁট ঘষা, জল ছুঁয়ে ওড়া, একটানা কলরব মিলিয়ে মাঠের কৃষক আর পথচারীর চোখে এ যেন এক দুর্লভ দৃশ্য।
শিকারের অন্ধকার দিন এই নির্ভয় বিচরণের পেছনে আছে এক কষ্টের অতীত। আশি-নব্বইয়ের দশকে চলনবিলে পাখি শিকার ছিল মামুলি ব্যাপার। শীত এলেই শিকারিরা ফাঁদ পাততেন প্রকাশ্যে। স্থানীয়রা জানান, শিকার করা পাখি জবাই করে বস্তায় ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হতো টাকার বিনিময়ে। প্রত্যন্ত এলাকা বলে প্রশাসনের নজরও তেমন পৌঁছাত না। মানুষের অত্যাচারে অনেক পাখি এলাকা ছেড়ে চলে যায়। সেই চর্চা একুশ শতকেও পুরোপুরি থামেনি।
তরুণদের পাহারা গত এক দশকে ছবিটা বদলাতে শুরু করে। ২০০৯ সালে নাটোরের সিংড়ায় সাইফুল ইসলাম গড়ে তোলেন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’; স্বেচ্ছাসেবী ৩৫ জন। ২০১৩ সালে একই উপজেলায় রাজু আহম্মেদ প্রতিষ্ঠা করেন ‘চলনবিল পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ ফোরাম’; সদস্য ২৫ জন। ২০১৪ সালে তাড়াশে শরীফ খন্দকারের হাতে জন্ম নেয় ‘তাড়াশ ভিলেজ ভিশন’; স্বেচ্ছাসেবী ৪০ জন। রায়গঞ্জে আব্দুর রাজ্জাক নাসিমের ‘স্বাধীন জীবন’-এ আছেন আরও ১৫ জন। সব মিলিয়ে চলনবিলে এখন ১১টির মতো সংগঠনে প্রায় ১৮০ জন তরুণ বিনা পারিশ্রমিকে কাজ করছেন। তাদের কাজ মাঠের কাজ। যেখানে পাখি মারা পড়ে, সেখানে পাহারা বসানো। লিফলেট বিলি, উঠান বৈঠক, শিকারিদের দিয়ে পাখি না মারার শপথ করানো। দরকার হলে প্রশাসনকে ডেকে আনা। সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাতও বলেছেন, কাকডাকা ভোর থেকে এ কমিটির সদস্যরা বিলে থাকেন এবং তাদের সহযোগিতায় কয়েকজন পেশাদার শিকারিকে জেল-জরিমানা করা হয়েছে। সাইফুল ইসলামের দাবি, গত কয়েক বছরে তাঁর এলাকায় শিকার অনেকটাই কমেছে। তবে পুরোপুরি থামাতে আরও পথ বাকি বলে তিনি মনে করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সদস্য হাদিউল হৃদয়ের ধারণা, এভাবে চললে সামনের বছরগুলোয় বিলে পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে।
আইন কড়া, সচেতনতা জরুরি আইনও এখন আগের চেয়ে কড়া। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ রহিত করে নতুন বিধান আনা হয়েছে, যাতে পাখিসহ বন্যপ্রাণীর বিরুদ্ধে অপরাধে শাস্তি দ্বিগুণ করা হয়েছে। সেটি এখন বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ নামে বলবৎ। কিন্তু শুধু আইনে কাজ হয় না। চলনবিলেরই কয়েকজন শিকারি সাংবাদিকদের বলেছেন, পাখি শিকার যে অপরাধ, সেটি তারা জানেনই না। এ কারণেই ‘স্বাধীন জীবন’-এর পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম মনে করেন, বিলের প্রাণ-প্রকৃতি বাঁচাতে আগে বিলের মানুষকেই সোচ্চার হতে হবে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের মতে, পাখি, মাছ আর জীববৈচিত্র্য রক্ষায় চলনবিলবাসীর জেগে ওঠার সময় এখনই। তিনি জানান, শিকার, নিধন আর বিক্রি বন্ধে জেলার অংশে প্রশাসন তৎপর রয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জনসচেতনতায়। জলবায়ু বদলাচ্ছে। অনেক জায়গায় দু-একটি ঋতু আর আলাদা করে টের পাওয়া যায় না। চলনবিলও এর বাইরে নয়। তবু অঘ্রানের ভোরে বিলের দিকে তাকালে মনে হয়, প্রকৃতি এখনও তার পুরোনো কথা রেখেছে। শীত এসেছে, পাখিরাও ফিরেছে। এখন দেখার বিষয়, মানুষ তার কথা রাখে কিনা।






