ছড়া-কবিতা
| প্রিন্ট সংস্করণ
খোরশেদ আলম নয়ন নবান্ন আসে
মেঘনার বুকে জেগে ওঠে চর সেই চরে বাঁধে ঘর সেখানেই চাষি ফসল ফলিয়ে যাচ্ছে নিরন্তর; ঝড়-বৃষ্টি ও ঝঞ্ঝার মাঝে তারা তবু টিকে থাকে জীবনের তরে মাথা উঁচু করে দারুণ দুর্বিপাকে।
শস্য-শ্যামল বাংলার বুকে বহতা নদীর তীরে বর্ষার জল নামে অবিরল কার্তিক আসে ফিরে; সবুজ বরণ ফসলের মাঠ ঘিরে স্বর্ণালি রূপ ছেলে-বুড়ো সবে মাতে উৎসবে প্রকৃতি যে নিশ্চুপ।
শিশির জড়ানো সোনাঝরা রোদ নতুন সূর্য ওঠে সুখ পিয়াসিনী কিষানির ঠোঁটে সুমধুর হাসি ফোটে; আসে অঘ্রাণ গোলাভরা ধান কিষানের বুকে আশা ব্যথাতুর মনে জাগে আনমনে স্বপ্নিল ভালোবাসা।
নবান্ন আসে, তবু আসে না যে সোনালি সে দিনগুলি মায়ের হাতের স্নেহস্মৃতি মাখা সেই ভাপা পিঠাপুলি; পাল তোলা নাও গুণটানা মাঝি মেঘনা নদীর বাঁকে শৈশবরাঙা স্মৃতিময় দিন আজ আবার পিছু ডাকে!
দূরে উড়ে যায় বক-বালিহাঁস পানকৌড়ির ঝাঁক গোধূলির রং মেখে নিয়ে বুকে চারিধার নির্বাক; সাঁঝের আকাশে যেন নেমে আসে আবির জড়ানো ছায়া চেনা এ জগতে ছড়ায় নিভৃতে অচেনা নিবিড় মায়া।
ফসল তোলা শূন্য মাঠ আজ নিঝুম তেপান্তর নবীন চাষি বাজিয়ে বাঁশি ফিরছে আপন ঘর; জোছনা রাতে আসর হতে ভাসছে গানের সুর নবান্নেরই সুবাস ছড়ায় স্বপ্ন সুমধুর!






