মাদক সেবন নিয়ে তর্কাতর্কি স্বর্ণকারকে নৃশংসভাবে হত্যা

| প্রিন্ট সংস্করণ


দেশের পাঁচ জেলায় পৃথক ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরের ইসলামপুরে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এক স্বর্ণকারকে হত্যা করা হয়েছে। নড়াইলে জমি নিয়ে বিরোধে এক কৃষককে পিটিয়ে এবং রংপুরে এক অটোচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া নওগাঁ ও বরিশালে নিখোঁজের পর দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। জামালপুরের ইসলামপুরে মাদক সেবন নিয়ে বিরোধে চোখে লোহার চিমটা ঢুকিয়ে অমৃত দাশ (৩৫) নামে এক স্বর্ণকারকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে যমুনা নদীবেষ্টিত দুর্গম মন্নিয়ার চরের খাটিয়ামারী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাশেদকে আটক করেছে পুলিশ।


অমৃত মন্নিয়ার চরের অমল দাশের ছেলে। তিনি খাটিয়ামারী বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করতেন। অভিযুক্ত রাশেদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃত ও রাশেদ একসঙ্গে চলাফেরা করতেন। দুজনেরই মাদক সেবনের অভ্যাস ছিল। শুক্রবার সকালে অমৃতের দোকানে মাদক সেবন নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদ লোহার চিমটা দিয়ে অমৃতের চোখে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা রাশেদকে আটক করে পুলিশে দেন বলে জানান ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান।


বাঁশঝাড়ে ভ্যানচালকের লাশ নওগাঁর মান্দায় নিখোঁজের এক দিন পর সিয়াম হোসেন (১৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে দু ডাঙ্গী-কালিগ্রাম সড়কের পাশে একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিয়াম উপজেলার চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় এক নারী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পায়। এ সময় তাঁর ব্যবহৃত ভ্যান ও মুঠোফোন পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।


সেনাসদস্যের বাসায় ত্রিপলে মোড়ানো লাশ রংপুর নগরের ভগি বালাপাড়া এলাকায় সেনাসদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে আরিফুল ইসলাম নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাসা থেকে ত্রিপলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সেনাসদস্য শাহীন শেখ ও রাসেল মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ২৩ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর আরিফুল নিখোঁজ হন। পরদিন তাঁর বাবা থানায় জিডি করেন। পুলিশের দাবি, মাদক সেবন নিয়ে ব্ল্যাকমেইল করে আরিফুল কয়েকবার শাহীনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। এ নিয়ে ক্ষোভ থেকে তাঁকে মাথায় আঘাত ও গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বাবা হত্যা মামলা করেছেন।


কৃষককে পিটিয়ে হত্যা নড়াইলের লোহাগড়ায় ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাচাতো ভাই দাউদ মোল্যার সঙ্গে ফরহাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে দাউদ ও তাঁর পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ফরহাদের ওপর হামলা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার পথে মৃত্যু হয়। লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জুয়েল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মাছের ঘেরে নিথর কিশোর বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়া এলাকার একটি মাছের ঘের থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিতালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। মঙ্গলবার রাতে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে তাঁর মামা শাহিন মল্লিক ঘেরে লাশটি দেখতে পান। উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। [তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি]