বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ডিজিটাল সেবা বাণিজ্য
| প্রিন্ট সংস্করণ
বিশ্ব বাণিজ্যে পণ্যের পাশাপাশি এখন সেবাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে সেবা দেওয়ার হার দ্রুত বাড়ছে। সফটওয়্যার তৈরি, অনলাইন পরামর্শ, আর্থিক লেনদেন, বীমা এবং বিভিন্ন পেশাগত সেবা ঘরে বসেই বিশ্বের নানা দেশের গ্রাহকদের দেওয়া সম্ভব হচ্ছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হয়েছে নতুন ক্ষেত্র।
সম্প্রতি প্রকাশিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ২০০৫ থেকে ২০২৫ সালের মধ্যে ডিজিটাল মাধ্যমে সরবরাহযোগ্য সেবার আন্তর্জাতিক বাণিজ্য পাঁচ গুণের বেশি বেড়েছে। ২০২৫ সালে বিশ্বের মোট সেবা রপ্তানির ৫৫ শতাংশ এসেছে এ ধরনের সেবা থেকে। একই বছর ডিজিটাল মাধ্যমে সরবরাহযোগ্য সেবার বাণিজ্য বেড়েছে ১০ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্ব বাণিজ্যে বাণিজ্যিক সেবার অংশ দাঁড়িয়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ। ২০০৫ সালে এ-সংক্রান্ত তথ্য পাওয়া শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ। এ প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে ডিজিটাল মাধ্যমে সেবা সরবরাহের দ্রুত বিস্তার। বিশেষ করে কম্পিউটার, পেশাগত ও আর্থিক সেবা।
ডিজিটাল সেবা বাণিজ্য বলতে ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে সেবা সরবরাহ ও কেনাবেচাকে বোঝায়। এর মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), কম্পিউটার, আর্থিক, বীমা, মেধাস্বত্ব ব্যববহার এবং অন্যান্য ব্যবসায়িক সেবা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান বিদেশি গ্রাহকের জন্য সফটওয়্যার তৈরি করে অনলাইনে সরবরাহ করলে সেটি ডিজিটাল সেবা রপ্তানি। একইভাবে বিদেশি প্রতিষ্ঠানের জন্য অনলাইনে হিসাবরক্ষণ, নকশা, তথ্য প্রক্রিয়াকরণ বা ব্যবসায়িক পরামর্শ দেওয়াও এ বাণিজ্যের অন্তর্ভুক্ত। আগে সেবা দিতে হলে সেবাদাতাকে গ্রাহকের দেশে যেতে হতো। এখন ইন্টারনেটের কারণে দূর থেকেই এসব কাজ করা যাচ্ছে। ফলে সেবা রপ্তানির জন্য ভৌগোলিক দূরত্ব আগের মতো বড় বাধা নয়। ডিজিটাল প্রযুক্তির উন্নতি এবং তথ্য আদান-প্রদানের খরচ কমে যাওয়ায় এ বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। ডিজিটাল সেবা বাণিজ্যের বিস্তারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন গতি আনতে পারে বলে মনে করছে ডব্লিউটিও। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এআই প্রযুক্তির কারণে আরও বেশি ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি তথ্য তৈরি, বিশ্লেষণ ও আদান-প্রদানের খরচ কমবে। এতে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি নতুন সেবা ও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে। ডব্লিউটিওর সিমুলেশন বা মডেলভিত্তিক হিসাব অনুযায়ী, এআইয়ের কারণে ২০৪০ সালের মধ্যে বৈশ্বিক বাণিজ্য ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে ডিজিটাল মাধ্যমে সরবরাহযোগ্য সেবায়। প্রযুক্তির ব্যবহার এবং নীতিমালার মধ্যে সমন্বয় থাকলে আগামী ১৫ বছরে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।






