দীপুর হাতি দর্শন

ছবি এঁকেছেন সাফায়েত সাগর


গল্প লিখেছেন দিলারা মেসবাহ


| প্রিন্ট সংস্করণ


সে অনেক দিন আগের কাহিনি। মহারাজ নামে ছিলো এক দশাসই ঐরাবত। মানে একটি হাতি ছিলো; দীপুর দাদুভাইয়ের আব্বাজানের। তিনি ছিলেন জমিদার। বড় আদরের হস্তী তাঁর! দীপু ভারী ছটফটে। কেবলই মাঠে, জলা পুকুরপাড়ে ঘুরতে চায়। দাদু দুপুরের কড়া রোদে নাতিটাকে বাইরে যেতে দিতে নারাজ। দীপু তখন মওকা বুঝে বায়না করে, পাকা চুল তুলে দেবো, গল্প বলো তাহলে। দাদুর প্রিয় গল্প সেই ঐরাবত মানে বাপজানের বিশাল ঝলমলে হাতির যতো গল্প। পিচ্চিকালে ঘাড় উঁচু করে অবাক হয়ে মহারাজকে দেখতেন দাদুভাই। সে অনেক মজার মজার গল্প। দাদু ইজিচেয়ারে চোখ আধবোজা করে হাতির গল্প দরদ দিয়েই বলতে থাকেন। হাতির মাহুত ছিলো খুব পটু। নাম তার হরিধন। গোসল করানো, কলাগাছের টুকরো সাজানো সব করতো। নলখাগড়া, কচি লতাপাতা, বুনো কলা আখ, গাছগাছালির ডাল বাকল আরও কতো কি খানা খেতো মহারাজ! মীর সাহেবের ঐরাবতের নাম যেমন মহারাজ, তেমনি তার রাজকীয় ঠাঁট-বাট! হাওদা ছিলো ভেলভেট পুঁতির ঝালর দেওয়া। তার চলার পথের দুই ধারে গ্রামবাসী ভিড় করে দাঁড়িয়ে যেতো। মীর শরাফত সাহেব প্রজাদের জুলুম করতেন না। বকুলপুর গ্রামটি ছিলো সুখী। কী মায়াময় গ্রাম! দাদু্র চোখে শিশুকাল ঝলমল করে। দাদু স্বপ্নরাজ্যে হারিয়ে যান বুঝি। এবার স্কুল ছুটিতে দীপু সজল মামার সঙ্গে বান্দরবান বেড়াতে গেছে। অনেক মজা করেছে ওরা মামা-ভাগনে। কী, শুনতে ইচ্ছে করছে? তবে বলি? থানচি রোডের মিলনছড়ি, ঘন গাছপালায় ছায়ামাখা রিসোর্ট। দীপু বাইনোকুলার চোখে লাগিয়ে উপত্যকার মনোহর দৃশ্য দেখতে দেখতে আনন্দে অধীর হয়ে ওঠে। তারপর পাহাড়ি খাবার। বিন্নি ধানের ভাত, বাম্বু চিকেন, বাঁশ কোড়ল। রাতে পাহাড়ি মুরগির ঝোল, গরম ভাত। যেন মিনিটে মিনিটে নতুন আনন্দ! পরদিন ওরা চারপাশ ঘুরে বেড়াতে বের হলো। জুম চাষের সবুজ শস্যক্ষেত। ভেজা কুয়াশা ছুঁয়ে যায় মাঝেমধ্যে। আচমকা একপাল হাতি আদিবাসীদের কপিক্ষেত, আনারস বাগান, লাউয়ের লকলকে ডগা তছনছ করছে। কী রাগ তাদের! মামা জানেন হাতিদের আরও গল্প। রানা মামা সবজান্তা আমুদে মানুষ। বললেন, এই নতুন বসতি ক্ষেত-খামারে ছিলো জঙ্গল, অনেক বাঁশঝাড়, কলা আর ঘন গাছপালায় প্রায় অন্ধকার। এই রাগী হাতির পালের ঘরবাড়ি। সব মনে আছে। হাতিদের স্মৃতিশক্তি খুব ধারালো। ওরা নিজেদের ভিটামাটিতে আদিবাসীদের দখল মানতে রাজি না। তাই এমন তাণ্ডব! সত্যি মামা? দীপুর চোখে বিস্ময় আর কৌতূহল। মামা বলেন, আরও জেনে রাখ। ওরা মৃতপ্রায় সাথি বা আপনজনকে বাঁচানোর চেষ্টা করে আপ্রাণ। মারা গেলে দিনভর, এমনকি কয়েক দিন চুপচাপ পাহারা দেয়। চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়ে। মৃত হাতিটিকে অন্য হাতিরা গাছের ডালপালা, মাটি ইত্যাদি শুঁড় দিয়ে টেনে এনে ঢেকে দেয়। ইশ্‌, কী কষ্ট হয় ওদের মামা! দীপুর বুঝি গলা ধরে আসে। মামা এবার দীপুর মন হালকা করে দেন। হাতির এতবড় কানের কি দরকার বল তো? শোন, কুলোর মতো কান দিয়ে ওরা শরীরে হাওয়া দেয় আর শুঁড় দিয়ে নিঃশ্বাস নেয়। পানি শুষে নিয়ে পিপাসা মেটায়। আর চমৎকার করে গোসল করে। ওরা একতা মেনে চলে। দল বেঁধে। জানিস, দলপতি হয় নাকি একজন বয়সী মা হাতি। শেষে বলি, মৃত হাতির হাড়গুলো ছুঁয়ে শ্রদ্ধা জানায়। যদি কখনও ওই এলাকা দিয়ে যায়। কী মায়া বন্য প্রাণীর! বেলা নিভে যাচ্ছে। চারদিক নিঝুম। ওরা মিলনছড়ি রিসোর্টের দিকে এগোয়। দূরে শোনা যাচ্ছে আদিবাসীদের কোলাহল, হাহাকার। দীপুর বান্দরবান বেড়াতে আসা সার্থক। এই ঐরাবত দেখা, অপরূপ নির্জন প্রকৃতির রূপ, রাতে জোনাকির থোকা থোকা আলো, ঝিঁঝিদের বাদ্য আর ব্যাম্বু চিকেনের স্বাদ ছোট্ট দীপুকে বড় বানিয়ে দিয়েছে যেন। রানা মামার জয় হোক!