নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে গ্যালারি ও আউটফিল্ডসহ পুরো স্টেডিয়ামের আমূল সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বগুড়া ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা যাচাই করে পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর উদ্যোগে শহীদ চান্দু জেলা স্টেডিয়ামকে আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়ামটি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পায়। ২০০৬ সালে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাওয়ার পর এখানে পাঁচটি ওডিআই ও একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন বন্ধ হয়ে যাওয়ায় একপর্যায়ে ভেন্যুর স্বীকৃতি হারায় স্টেডিয়ামটি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্টেডিয়ামটির সংস্কারের দাবি জোরালো হয় এবং চলতি বছরের জুলাই মাসে নিরাপত্তার জন্য ১৬ সদস্যের সশস্ত্র আনসার বাহিনী মোতায়েন করা হয়। সম্প্রতি বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শনকালে আসিফ সিরাজ রব্বানী জানান, সংস্কারের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের সুপারিশের ভিত্তিতে দ্রুত কাজ শুরু হবে।
পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও রানা মাসুদ জানান, আইসিসির গাইডলাইন অনুযায়ী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় অবকাঠামোর নমুনা বুয়েটে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দর্শক ধারণক্ষমতা বাড়াতে পশ্চিম পাশের গ্যালারি দোতলা করা এবং স্টেডিয়ামসংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্কের জায়গায় প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিসিবির সঙ্গে তাদের ৪৫ দিনের চুক্তি রয়েছে, যার মেয়াদ আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে।
বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী জানান, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার পর বাজেট তৈরি করে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।





