নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে যে তারা শুধরাবে না। শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদরের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালীন দেশে আসেননি, এখন আসতে চাইলে ভারতের সাথে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। এ সময় আন্তর্জাতিক নদীর পানি একতরফা প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব। এছাড়া প্রাক্তন ছাত্র প্রফেসর মীর্জা নাসির উদ্দীন ও মেজর জেনারেল (অব.) আমসা আমীন, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ওয়াদুদ হোসেন মণ্ডল, সদস্য সচিব মমিনুর রহমান মমিনসহ প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়।






