নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে দেখা হলো ফ্যাশন ডিজাইনার ও রাজনীতিক শায়না এনসির। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে শায়নার সঙ্গে ছবিও তুলেছেন এই তারকা দম্পতি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বন্ধুত্বের পুরোনো স্মৃতি তুলে ধরেন শায়না।
শনিবার এক্সে ছবিগুলো শেয়ার করেন তিনি। ছবিতে ঐশ্বরিয়া ও অভিষেককে একই রঙের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে।
ছবির সঙ্গে শায়না লেখেন, ‘কিছু বন্ধুত্বে নিয়মিত যোগাযোগের প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু বিশ্বাসের। আমার বয়স যখন ১৮, তখন ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলাম। সে সময় ঐশ্বরিয়া রায় ছিলেন মিস ওয়ার্ল্ড। ৩৫ বছর পরও আমরা ঠিক আগের জায়গা থেকেই কথা শুরু করতে পারি।’
ঐশ্বরিয়া ও অভিষেকের পরিচয়ও হয়েছিল কাজের সূত্রে। ১৯৯৯-২০০০ সালের দিকে একটি ফটোশুটে তাদের প্রথম দেখা হয়। পরে ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম ২’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে বন্ধুত্ব গড়ায় প্রেমে।
২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। এরপর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান হয়। একই বছরের ২০ এপ্রিল মুম্বাইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। ২০১১ সালে তাঁদের সংসারে জন্ম নেয় মেয়ে আরাধ্যা বচ্চন।
এদিকে ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায়। বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপির বেশি আয় করা ছবিটি বক্স অফিসে সফলতা পায়। তবে এখনো নতুন কোনো সিনেমার ঘোষণা দেননি অভিনেত্রী।






