নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা–কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা-পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬) ও নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. অপু (২৮)। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।