নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বগির দুটি আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মারুফ হোসাইন বলেন, চট্টগ্রাম থেকে ওই দিন বিকেলে ছেড়ে আসা মেঘনা ট্রেনটি রাত সাড়ে ১০টায় চাঁদপুর কোর্ট রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে শেষ গন্তব্য ১ কিলোমিটার দূরের বড় স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় ট্রেনটির সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নেভান। এতে বগিটির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।
ট্রেনটির একাধিক কর্মচারীর দাবি, তারা ওই বগির কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বড় স্টেশন মাস্টার শোয়েব শিকদার জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ শনিবার ভোর পাঁচটায় মেঘনা ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে রেলওয়ে ওসি জসীম উদ্দিন জানান।






