নিজস্ব প্রতিবেদক

শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। গানে শাহরুখ খানের সঙ্গে কারিনা কাপুরের নাচ ও পর্দার রসায়ন নজর কেড়েছে দর্শকদের। গানটি প্রকাশের পর করণ জোহর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও কারিশমা কাপুরসহ বলিউডের অনেক তারকা এর প্রশংসা করেছেন।


গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা করণ জোহর লিখেছেন, ‘বিপজ্জনক! ব্লকবাস্টার! ভাইকে দারুণ আকর্ষণীয় লাগছে। বেবো একজন রানি। দুজনের রসায়ন দুর্দান্ত।’ আলিয়া ভাট লিখেছেন, ‘উফফফ!’ এবং ভূমি পেড়নেকর মন্তব্য করেছেন, ‘ও মাই গড!’ এছাড়া কারিশমা কাপুর ‘ভালোবাসা’ জানিয়ে মন্তব্য করেছেন। সোনম কাপুর আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাহিপ কাপুর গানটিকে ‘অবিশ্বাস্য’ এবং শানায়া কাপুর ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন।


গানের ভিডিওতে ডিস্কো পরিবেশে শাহরুখ খানের প্রবেশের মধ্য দিয়ে দৃশ্যপট শুরু হয়। এরপর কারিনা কাপুরকে সঙ্গে নিয়ে নাচের মঞ্চে ওঠেন তিনি। ভিডিওতে শাহরুখকে মরিচ রঙের চুল ও সুঠাম শরীরের সাজে দেখা গেছে, অন্যদিকে লাল রঙের জমকালো পোশাকে কারিনা কাপুর নজর কেড়েছেন। ১৯৭৬ সালে প্রকাশিত বনি এমের জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর এই বলিউড সংস্করণটির সুর করেছেন শচীন-জিগর। কুমারের লেখা এই গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। শাহরুখ ও কারিনার নাচের দৃশ্য পরিচালনা করেছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও কারিনা কাপুর ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়াল। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।