নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী, মালিক-শ্রমিক পক্ষ এবং মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশে আর শেখ হাসিনা ফিরে আসবেন না।
সমাবেশে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রত্যাশা করে এবং সেই লক্ষ্য পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দীন, জেলা যুবদলের সহসভাপতি তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার, যুবদল নেতা সোহেল সরকার, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মহসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।





