নিজস্ব প্রতিবেদক

নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ (সিএ) হিসাব পেশাজীবীদের যেকোনো ধরনের অযাচিত চাপের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ এ বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, একটি নিরীক্ষার বিশ্বাসযোগ্যতা মূলত নিরীক্ষকের স্বাধীনতার ওপর নির্ভর করে। হিসাব পেশাজীবীদের বস্তুনিষ্ঠভাবে প্রতিবেদন তৈরি ও অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে। তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে হিসাব পেশাজীবী, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা কোনো ধরনের ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারবেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, পুঁজিবাজার শক্তিশালী করা ও মানসম্মত বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন প্রয়োজন। বিনিয়োগকারীদের সঠিক তথ্য পাওয়ার সুযোগ ও একটি পূর্বানুমানযোগ্য নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল—‘সামষ্টিক-রাজস্ব স্থিতিশীলতা সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা গড়ে তোলা।’


দেশের আর্থিক খাতের অতীতের অনিয়মের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গত ১৫ বছরেরও বেশি সময়ে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের দায়িত্ব থাকা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ী অলিগার্কদের সাথে অসাধু যোগসাজশের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের অর্থনীতির শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৮ লাখ কোটি টাকা) বিদেশে পাচার হওয়ার তথ্য উঠে এসেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।


রাষ্ট্রপতি বলেন, স্বচ্ছতা অনেক সময় কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটি অপরিহার্য। সংকটের প্রকৃত মাত্রা স্বীকার না করে তা মোকাবিলা করা সম্ভব নয়। সরকার অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে। তিনি নীতিনির্ধারণী পর্যায়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


সম্মেলনে রাষ্ট্রপতি আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান ও উদ্যোগের কথা স্মরণ করেন। এর আগে, তিনি সাফা উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করায় আখতার সানজিদা কাশেমের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও অর্থ বিভাগের সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার। সাফার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাব্বির আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেটলাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলাউদ্দিন আহমেদ।