নিজস্ব প্রতিবেদক

জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ কার্যকর করা জরুরি। অন্যথায় নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা সৃষ্টির আশঙ্কা রয়েছে।


ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের রায় মেনে নেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত থাকলেও নির্বাচনের পরদিন থেকেই সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। তিনি বলেন, গণরায় বাস্তবায়নের বদলে সরকার সংবিধান সংশোধনের জন্য নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে, যা অপ্রয়োজনীয়। এর পরিবর্তে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে দীর্ঘ সাত মাস ধরে ৩৭টি রাজনৈতিক সংগঠনের আলোচনার ভিত্তিতে সংস্কার এগিয়ে নেওয়া উচিত বলে তিনি মত দেন।


সংস্কার ও সংবিধান সংশোধনের পার্থক্য তুলে ধরে জামায়াত আমির বলেন, সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনা সম্ভব, কিন্তু সংবিধান সংশোধনের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকে। তিনি সংসদ ও আদালতের মধ্যে নতুন কোনো বিরোধ এড়াতে গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন। এছাড়া তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ ও রদবদলের সমালোচনা করে মেধাভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চাঁদাবাজি, দখল, কমিশন বাণিজ্য, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের বিষয়ে তিনি জানান, জামায়াত কোনো দলীয় স্বার্থ নিয়ে নয়, বরং জনগণের হারানো অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবে।


দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিবেশী দেশের হুমকিমূলক বক্তব্যের বিষয়েও তিনি সরকারের কঠোর ও স্পষ্ট অবস্থানের দাবি জানান। ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এছাড়া বিদেশের সঙ্গে সই হওয়া চুক্তিগুলো সংসদে উপস্থাপন ও আলোচনার মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পরিশেষে, তরুণ প্রজন্মকে নেতৃত্বে এনে একটি মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির।