নিজস্ব প্রতিবেদক

যত দিন শেখ হাসিনা বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। যেকোনো অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।


শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের বিরুদ্ধে’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।


শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, তিনি দণ্ডপ্রাপ্ত ও পাসপোর্ট বাতিল হওয়া একজন ব্যক্তি, তাই স্বাভাবিক প্রক্রিয়ায় তার বিমানে ওঠার সুযোগ নেই। তিনি দাবি করেন, ভারত সরকারের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে এবং আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত, যাতে তার সাজা কার্যকর করা যায়। তিনি আরও বলেন, দেশে ফেরার ঘোষণা দিয়ে শেখ হাসিনা কেবল নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন, বাস্তবে তিনি আসবেন না।


আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হুইপ দুলু বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে দলটি দেশের অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাত ধ্বংস করেছে। পাচার করা অর্থ ব্যবহার করে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের কণ্ঠরোধ ও ডিজিটাল আইনের অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ চলছে। গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলা নির্মূল করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় পাহারার ব্যবস্থা করা হয়েছে।


পরিশেষে, আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তিই অতীতে ফিরে আসতে পারেনি, ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই।