নিজস্ব প্রতিবেদক
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে বাংলাদেশ অনেক আগেই ইউরোপ-আমেরিকার মতো উন্নত হতে পারত। তবে তিনি ইউরোপ-আমেরিকার অনুকরণ নয়, বরং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি ভালো বলে দাবি করলেও বাস্তবে তার প্রতিফলন নেই। তিনি আরও বলেন, মেয়েশিশুদের ওপর নির্যাতন, নিরাপত্তাহীনতা এবং মাদকের ভয়াবহ বিস্তার জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। মাদক নিয়ন্ত্রণে আইন ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানের ঘোষণা থাকলেও তার কোনো দৃশ্যমান ফলাফল নেই বলে তিনি অভিযোগ করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে শফিকুর রহমান বলেন, সরকার গ্যাসের দাম ও বিদ্যুতের ইউনিট প্রতি মূল্যবৃদ্ধির প্রকৃত চিত্র আড়াল করে জনগণের রক্ত শোষণ করছে। এছাড়া সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিকে তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেন। তিনি বলেন, সংসদে বিশেষ শব্দসহ কমিটি গঠনের প্রস্তাব পাস না হওয়ায় এটি আইনসম্মত নয়।
গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, সেখানে এক সপ্তাহ ধরে সরকারের কোনো উপস্থিতি ছিল না। তিনি অভিযোগ করেন, ওই জেলার সরকারদলীয় তিন সংসদ সদস্যও জনগণের খোঁজ নেননি। এছাড়া প্রতিবেশী দেশের কিছু ব্যক্তি বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি সরকারের নীরবতার সমালোচনা করেন।
পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সংবাদমাধ্যমে বাংলাদেশের শিল্প নিয়ে ধ্বংসাত্মক সমালোচনা করা হচ্ছে, যা সন্দেহজনক। অধিবেশনে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।






