নিজস্ব প্রতিবেদক
সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরের দিকে সাভারের ব্যাংক টাউন এবং আশুলিয়ার গণকবাড়ি ও সরকার মার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে। বাসগুলো পার্কিংয়ে থাকায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসটির ভেতরের ডেকোরেশন ও কিছু কাপড়চোপড় পুড়ে যায়। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নেভাতে কাজ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই দিন ভোরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন স্থান এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটিসহ দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে হানিফ পরিবহনের স্টিকার সাঁটিয়ে শ্রমিক লীগ নেতার মালিকানাধীন একটি বাস নিয়ে নাশকতার উদ্দেশ্যে ঘোরাঘুরির সময় সাভার মডেল থানার ওসির নেতৃত্বে টহল পুলিশ বাসটিকে আটক করে। বাসের ভেতর থেকে গানপাউডার, পেট্রোল ও মশালসহ নাশকতার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে আলমগীর হোসেন (৩০), বাবুল হোসেন (২৪) ও রাজিব হোসেন (২০)-এর নাম জানা গেছে। নাশকতা রোধে সাভার ও আশুলিয়া এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।





