নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির (৪৪) প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহবাহী অ্যাম্বুলেন্স কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে কারাবিধি অনুযায়ী, বন্দি শারমিন সুলতানা শর্মি কারাগারে ছেলের মরদেহ দেখে শেষ বিদায় জানান।
শারমিন সুলতানা শর্মি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা জন্ম থেকেই প্রতিবন্ধী। ছেলে তূর্য জন্মের পর থেকে মায়ের পরিচর্যায় বড় হচ্ছিল। শারমিন গ্রেপ্তার হওয়ার পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার সঠিক পরিচর্যার অভাব দেখা দেয়। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তূর্য মারা যায়। শাহাদাত হোসেন নিপুন আরও দাবি করেন, স্ত্রীকে আটকের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা ছিল না এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। এ সময় পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন। পরে নিয়ম অনুযায়ী বন্দিকে তার ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।






