নিজস্ব প্রতিবেদক

এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লিংক শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। অনেক সময় চাকরির প্রস্তুতির মতো ব্যক্তিগত চ্যাটের লিংক শেয়ার করার পর তা সবার জন্য উন্মুক্ত থেকে যেতে পারে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ।


২০২৫ সালে চ্যাটজিপিটির শেয়ার করা লিংক গুগল সার্চে দৃশ্যমান হওয়ার ঘটনা ঘটেছে। ওপেনএআই কর্তৃপক্ষ ফিচারটিকে একটি পরীক্ষামূলক পর্যায় হিসেবে উল্লেখ করে তা সরিয়ে নেয়। হেল্প নেট সিকিউরিটির তথ্য অনুযায়ী, গ্রকের কয়েক লাখ কথোপকথন গুগলে পাওয়া গিয়েছিল। এছাড়া গত জুলাই মাসে ফরচুনের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ক্লডের শেয়ার করা কথোপকথন গুগল ও বিং সার্চ ইঞ্জিনে দেখা গেছে। এ বিষয়ে অ্যানথ্রপিকের ভাষ্যমতে, শেয়ার করার নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্যবহারকারীর হাতে এবং তারা সার্চ ইঞ্জিনকে কোনো চ্যাট-তালিকা বা সাইটম্যাপ প্রদান করে না।


বর্তমানে চ্যাটবটগুলোতে ‘মেমোরি’ বা স্মৃতি রাখার সুবিধা যুক্ত হয়েছে। এর মধ্যে কিছু তথ্য ব্যবহারকারী নিজে সংরক্ষণ করতে বলেন, আবার কিছু তথ্য চ্যাটবট নিজেই পূর্বের কথোপকথন থেকে অনুমান করে রাখে। চ্যাটজিপিটির ক্ষেত্রে দেখা গেছে, চ্যাট মুছে ফেললেও শেয়ার করা লিংক থেকে যেতে পারে, যা ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করে।


নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথমত, চ্যাট শেয়ার করার আগে তাতে থাকা নাম, ঠিকানা, পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্যের মতো সংবেদনশীল বিষয়গুলো মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত, সেটিংসে গিয়ে শেয়ার করা লিংক ও মেমোরি নিয়মিত যাচাই করতে হবে এবং প্রয়োজনবোধে তা মুছে ফেলতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি কে আপনার তথ্য দেখতে পাচ্ছে, সে বিষয়ে সচেতন থাকাই নিরাপদ ব্যবহারের মূল চাবিকাঠি।


লেখক: রেমিজিউস রেমী, টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর।