নিজস্ব প্রতিবেদক
ক্রিকেট মাঠে বিধ্বংসী ব্যাটসম্যান, অধিনায়ক কিংবা ধারাভাষ্যকার হিসেবে পরিচিত কেভিন পিটারসেনকে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপে। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর কাল্পনিক গ্রাম ফুলেরার বাসিন্দা হিসেবে কুর্তা-পায়জামা ও মাথায় গামছা পরে হাজির হয়েছেন ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। শুক্রবার প্রাইম ভিডিও ইন্ডিয়া একটি ছবি প্রকাশের মাধ্যমে এই চমক দেয়, যেখানে পিটারসেনকে ফুলেরার দুই বাসিন্দা বানরাকাস ও বিনোদের সঙ্গে দেখা যায়।
পরবর্তীতে দুই মিনিট ৪১ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়। এতে পিটারসেনকে হিন্দিতে কথা বলতে এবং সিরিজের পুরোনো ঘটনার স্মৃতিচারণা করতে দেখা যায়। এমনকি ফুলেরার চায়ের দোকানে চা অর্ডার করার স্থানীয় কায়দাও রপ্ত করেছেন তিনি। সিরিজের নতুন প্রধানের সঙ্গেও তাকে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে।
উল্লেখ্য, কেভিন পিটারসেনের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলার পাশাপাশি তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৮ হাজার ১৮১ রান ও ২৩টি সেঞ্চুরির মালিক পিটারসেনকে এবার ‘পঞ্চায়েত’ সিরিজের প্রচারণায় এক নতুন রূপে দেখা গেল। আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তি পাবে।





