নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই অডিওতে আরফান খান মাহি নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দেন। কথোপকথনে তিনি পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন জব্দ করা এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তোলেন।
হুমকির এক পর্যায়ে আরফান খান মাহি বলেন, রামগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আরফান খান মাহি নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





