উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর। একই সঙ্গে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আরও নয় নেতা এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পাশাপাশি তাদের সবাইকে পূর্বের স্বীয় পদে বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য নেতারা হলেন—কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের স্বীয় পদে বহাল করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





