নিজস্ব প্রতিবেদক
তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত এম১৫ টেনিস টুর্নামেন্টের পুরুষ দ্বৈত বিভাগের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছেন ইরানের টেনিস খেলোয়াড় আলী ইয়াজদানি। ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে সেমিফাইনালে ওঠার সুযোগ হারিয়েছেন তিনি ও তার জুটি।
শুক্রবার অনুষ্ঠিতব্য এই কোয়ার্টার ফাইনালে আলী ইয়াজদানির সঙ্গে রাশিয়ার খেলোয়াড় এগর খোতেনকভের জুটি বেঁধে মাঠে নামার কথা ছিল। তাদের প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত ছিল অস্ট্রিয়ার থিলো বেয়ারমান ও ইসরাইলের টিম ভাইসম্যান। তবে ইসরাইলি খেলোয়াড়ের বিপক্ষে খেলতে রাজি না হওয়ায় ইয়াজদানির জুটি ম্যাচটি ওয়াকওভার দেয়। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই হিসেবে শিরোপার অন্যতম দাবিদার ছিল এই জুটি।
উল্লেখ্য, এম১৫ আনাতোলিয়া আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) পুরুষদের বিশ্ব টেনিস ট্যুরের অংশ। ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনাতোলিয়ার বেলেক এলাকায় ক্লাব মেগাসারে হোটেলের উন্মুক্ত ক্লে কোর্টে ১৫ হাজার ডলার পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরাইলি খেলোয়াড়দের বিপক্ষে না খেলার ক্ষেত্রে ইরানি অ্যাথলেটদের এমন সিদ্ধান্ত নতুন নয়। এর আগে গত মে মাসে ইরানের টেনিস খেলোয়াড় হানা শাবানপুর তুরস্কে অনুষ্ঠিত জে৬০ পর্যায়ের একটি টুর্নামেন্টের ফাইনালে ইসরাইলি খেলোয়াড় থাকা দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এছাড়া গত মার্চে ইরানের ১০ হাজারের বেশি অ্যাথলেট জাতিসংঘ ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর কাছে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) থেকে দেশ দুটির সদস্যপদ স্থগিত করার দাবিও জানান।




