নিজস্ব প্রতিবেদক

সেনেগালের দক্ষিণাঞ্চলীয় বাম্বালি গ্রামে একসময় কোনো হাসপাতাল ছিল না। রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের এই গ্রামে প্রসবকালীন জটিলতায় মা ও শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ত। ফুটবল তারকা সাদিও মানের বোনের জন্মের সময়কার সেই কষ্টের স্মৃতি থেকেই তিনি নিজ গ্রামে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। ২০২০ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মানে জানিয়েছিলেন, তিনি তার গ্রামে এমন একটি হাসপাতাল গড়তে চেয়েছিলেন, যা মানুষের মনে আশার সঞ্চার করবে।


২০২১ সালের জুন মাসে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন করা হয়। এই হাসপাতাল নির্মাণে সেনেগালের তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকি সালের সহায়তা নিয়েছিলেন মানে। বর্তমানে এই প্রতিষ্ঠানটি শুধু বাম্বালি গ্রাম নয়, বরং আশপাশের ৩০টিরও বেশি গ্রামের মানুষকে চিকিৎসাসেবা প্রদান করছে। এর আগে ২০১৯ সালে তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের জন্য আড়াই লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন এবং সেরা শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ও আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেছিলেন।


ফুটবল ক্যারিয়ারে লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোল করা সাদিও মানে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে তিনি এই ক্লাবে যোগ দেন। মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা মানে সম্প্রতি সেনেগালের জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দলের বাইরে ছিলেন। নিজের জীবনের অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেছেন জন্মের মুহূর্তে পাশে থাকা কতটা জরুরি, আর সেই উপলব্ধি থেকেই তিনি বাম্বালির মানুষের জন্য গড়ে তুলেছেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র।