নিজস্ব প্রতিবেদক

শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে এবং কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।


শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।


ফলাফল প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষাব্যবস্থায় প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন না করে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকে যথাযথভাবে মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, বরং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


তরুণ প্রজন্মের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ে তোলার ওপর তিনি জোর দেন।


মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান প্রিন্স, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শিপন আলী, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোকছেদুর রহমান আবির, টেকনিক পাবলিকেশনসের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন রেজা, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শেখ ফরিদ এবং মিরপুর সায়েন্স কলেজের উপাধ্যক্ষ মো. মঞ্জুদার রহমান।


অনুষ্ঠানে মিরপুর সায়েন্স কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।