নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে জমি থেকে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতকালীন হাইব্রিড টমেটো। তবে বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন কৃষকেরা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ কাঁচা টমেটো ১ হাজার ২০০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের এই উপজেলায় চলতি বছর দুই হাজার ৮২০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যেখানে প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ মেট্রিক টন।
গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী মহল্লার টমেটো চাষি জিয়া জানান, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়া গেলেও শেষের দিকে তা অনেক কমে যায়। তিনি আরও জানান, বাইরের জেলা থেকে আসা ব্যবসায়ীরা স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় টমেটো কিনে ট্রাকে করে নিয়ে যান। এদিকে, বেজড়া এলাকার টমেটোচাষি আবুল হোসেন জানান, গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টিতে ফুল নষ্ট হওয়া এবং গাছে পাতা কোঁকড়ানো রোগের আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
কৃষকদের অভিযোগ, পচনশীল এই পণ্য সংরক্ষণের জন্য এলাকায় কোনো কোল্ড স্টোরেজ নেই। পুঁজির অভাব ও সরাসরি বড় বাজারে বিক্রির সুযোগ না থাকায় তারা স্থানীয় পাইকারদের কাছে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ী সুমন ও পাইকারি ক্রেতা রুবেল জানান, ভারত থেকে টমেটো আমদানি অব্যাহত থাকায় বাজারে দেশি টমেটোর দাম কমে গেছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাকা টমেটোর দাম কম থাকায় বেশি দামে কাঁচা টমেটো কিনে লোকসানের ঝুঁকি নিতে চাইছেন না ব্যবসায়ীরা।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, প্রতি বছর এই অঞ্চলে টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে গত বছর প্রায় ১৫০ কোটি টাকার টমেটো বিক্রি হয়েছে এবং পরিবহন ও শ্রমিক খাতে আরও ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। তিনি আরও জানান, সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাস টমেটো উৎপাদন মৌসুম ধরা হয়। গ্রীষ্মকালীন টমেটো চাষিরা ভালো দাম পেলেও শীতকালীন টমেটোর ক্ষেত্রে মৌসুমের শুরুতে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও শেষের দিকে তা ৫ থেকে ১০ টাকায় নেমে আসে।





