নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জসহ সিলেট সীমান্তে চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টহল ও অভিযানে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করেছে বিজিবি। বৃহস্পতিবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির আরও জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রিকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।


সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।


বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় জনগণ সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।