কসোভোয় নারীবিদ্বেষের প্রতিবাদ
কসোভোর রাজধানী প্রিস্টিনায় শত শত মানুষ সমাবেশ ও মিছিল করেছেন নারীবিদ্বেষের প্রতিবাদে
| প্রিন্ট সংস্করণ
২৮ অক্টোবর কসোভোর রাজধানী প্রিস্টিনায় শত শত মানুষ মিছিল করেছেন। অনেকের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল তিনটি কথা– অভিযোগ করো, অপেক্ষা করো, মরো। সরকারি ভবনের ফটকে বিক্ষোভকারীরা লাল রং ঢেলে দেন। অনেক নারী নিজের ঠোঁট লাল রঙে রাঙিয়ে এসেছিলেন। সব মিলিয়ে বার্তা একটাই–এই রক্তের দায় রাষ্ট্রেরও। বিক্ষোভের শুরু আরলিন্দা জেকাজের মৃত্যু থেকে। ৪৯ বছর বয়সী এই নারী কসোভো ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ছিলেন। ২৫ অক্টোবর সন্ধ্যায় পেজা শহরের কাছে ভিতোমিরিৎসা গ্রামে তাঁকে খুন করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর সাবেক স্বামীর ভাই আলবার্ট সিলাজকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম কোহার হিসাবে, এ বছর পরিবারের সদস্য বা সঙ্গীর হাতে এটি অষ্টম খুনের ঘটনা।
আরলিন্দা কোনো আকস্মিক দুর্ঘটনায় মারা যাননি। সাবেক স্বামী জেতন সিলাজের নির্যাতনের কথা তিনি বারবার জানিয়েছিলেন। নিরাপদে থাকতে বাবা-মায়ের কাছে চলে গিয়েছিলেন। মৃত্যুর তিন দিন আগে পেজার প্রধান কৌঁসুলিকে একটি চিঠি লেখেন। তাতে তিনি লিখেছিলেন, প্রাণ যাওয়ার পর জবাবদিহি করতে হবে, এমন দিন যেন কখনও না আসে। প্রশ্ন তুলেছিলেন, ‘আর কত দিন এমনটা চলবে?’
খুনের দিনও তিনি থানায় গিয়ে অভিযোগ করেন যে সাবেক স্বামী সুরক্ষা আদেশ ভেঙেছেন। পুলিশ সেই স্বামীকে আটক করে। এরপর তাঁকে বাড়ি পৌঁছে দেয়। কিছুক্ষণ পরেই তিনি খুন হন। বিক্ষোভে একটা প্ল্যাকার্ডে আরলিন্দার ছবির নিচে লেখা ছিল তাঁরই চিঠির একটি কথা–‘আমি মরে গেলে জবাব চাই না, শুধু চাই তোমরা যেন আর ঘুমাতে না পারো।’
প্রধানমন্ত্রী আলবিন কুর্তি নিজেই স্বীকার করেছেন, খুনের আগে আসা সতর্কবার্তাগুলো কেউ আমলে নেয়নি। পুলিশ পরিদর্শকের সুপারিশে পেজার ১১ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিচারমন্ত্রী দোনিকা জেরভাল্লার প্রতিবেদনেও প্রাতিষ্ঠানিক গাফিলতির কথা এসেছে। অথচ এই মন্ত্রীই সংসদে বলেছিলেন, আরলিন্দা সরকারের কাছে সাহায্য চাননি। এই কথায় মানুষ আরও ক্ষুব্ধ হয়।
বিক্ষোভের আয়োজক নারীবাদী সংগঠন ‘কালেক্টিভ ফর ফেমিনিস্ট থট অ্যান্ড অ্যাকশন’। তারা বিচারমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী জেলাল স্ভেচলার পদত্যাগ দাবি করেন। সংগঠনের লিরদোনা সিজারিনা সরকারি ভবনের সামনে দাঁড়িয়ে বলেছেন, দাবি না মানা পর্যন্ত তারা প্রতিদিন রাস্তায় থাকবেন। পেজায় তাদের দেয়াললিখনে লেখা হয়েছে– ‘নারীর নিরাপত্তা ছাড়া এই রাষ্ট্রে শান্তি থাকবে না।’ কসোভো উইমেনস নেটওয়ার্ক বলছে, এই মৃত্যু গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে। বিক্ষোভ ছড়িয়েছে পেজা, ফেরিজাই আর দক্ষিণ মিত্রোভিৎসায়। চাপের মুখে সংসদ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
আরলিন্দা একা নন। আগস্টের শেষ সপ্তাহে কয়েক দিনের ব্যবধানে দুজন নারী পারিবারিক নির্যাতনে খুন হন। প্রিজরেনে ৮০ বছরের এক নারীর মাথা বারবার মাটিতে আছড়ে তাঁকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ৮১ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে। একই সপ্তাহে ২৫ বছরের এক অন্তঃসত্ত্বা তরুণী খুন হন, অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। তখনও প্রিস্টিনায় মিছিল হয়েছিল। আয়োজকদের একজন কেন্দ্রেসা হিসেনি সেদিন বলেছিলেন, দুই পুরুষের হাতে দুই নারীর খুন আলাদা কোনো পারিবারিক ট্র্যাজেডি নয়। নারী বলেই তাদের মরতে হয়েছে। দুই মাস পর একই রাস্তায় আবার মিছিল হলো, এবার আরলিন্দার জন্য।
কাগজে কসোভোর আইন দুর্বল নয়। ২০১৯ সাল থেকে পারিবারিক সহিংসতা ফৌজদারি অপরাধ। ২০১২ সাল থেকে সঙ্গীকে খুন করলে যাবজ্জীবনের বিধান আছে। কিন্তু এত বছরে এ সাজা পেয়েছেন মাত্র তিনজন। ২০২৫ সালে পুলিশ পারিবারিক সহিংসতার দুই হাজার ৮১৫টি অভিযোগ পেয়েছে। প্রায় ২০ লাখ মানুষের দেশে সংখ্যাটা কম নয়। ২০১০ সাল থেকে অন্তত ৬৭ জন নারী খুন হয়েছেন, বেশির ভাগই সঙ্গীর হাতে। আরলিন্দার ঘটনা দেখিয়ে দিল, নারী মুখ খুললেও সুরক্ষা না মিললে সেই সাহসই তাঁকে আরও বিপদে ফেলে।
জাতিসংঘের হিসাবে, ২০২৪ সালে বিশ্বে ৮৩ হাজার নারী ও কন্যাশিশুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাদের ৬০ শতাংশই মারা গেছে সঙ্গী বা স্বজনের হাতে। বাংলাদেশেও থানায় গিয়ে খালি হাতে ফেরা, সালিশে ‘মিটমাট’ আর ফিরে গিয়ে আবার মার খাওয়ার গল্প প্রতিদিনের। প্রিস্টিনার মানুষ নারী হত্যাকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি তুলেছেন। কথাটা আমাদের জন্যও সত্যি। অভিযোগ জানানো নারীকে নিরাপত্তা দেওয়ার দায় রাষ্ট্রের। তা না হলে ‘অভিযোগ করো, অপেক্ষা করো, মরো’ শুধু কসোভোর স্লোগান হয়ে থাকবে না।




