লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালখানগর চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার মালখানগর গ্রামের মো: সোহাগ শেখ (৩৫) ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচকাঠা গনিয়ারগাও গ্রামের মো: হারেজ মিয়া (২২)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মালখানগর চৌরাস্তা এলাকায় পাকা রাস্তার ওপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ ও হারেজ মিয়াকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।






