নিজস্ব প্রতিবেদক

ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, যশোর এলাকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী এক থেকে দুই বছরের মধ্যে এলাকার অধিকাংশ জমি যেন পুনরায় চাষাবাদের আওতায় আনা যায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।


শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রিসভার একাধিক সদস্যও আন্তরিকভাবে কাজ করছেন। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর যেসব প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভবদহের জলাবদ্ধতা নিরসন প্রকল্প তার অন্যতম।


তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধানের জন্য টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) কার্যক্রম গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘমেয়াদি সমাধানের অপেক্ষায় এলাকার কৃষিজমি বছরের পর বছর অনাবাদি রাখা যাবে না। এ কারণে বিএডিসির মাধ্যমে নেওয়া সহযোগী প্রকল্পের লক্ষ্য হচ্ছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে অধিকাংশ জমি চাষাবাদের উপযোগী করা।


মন্ত্রী বলেন, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা নিরসন ও সেচ এলাকা উন্নয়নে ২৯৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচসুবিধা সম্প্রসারণের মাধ্যমে বছরে অতিরিক্ত ৭০ হাজার ৬০৯ মেট্রিক টন খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


কৃষিমন্ত্রী আরও বলেন, ভবদহ অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের জন্য বিশেষ সম্ভাবনাময়। বিশেষ করে এ অঞ্চলে রসুন উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। ভবদহের জমি যথাযথভাবে চাষাবাদের আওতায় আনা গেলে বিপুল পরিমাণ রসুন উৎপাদন সম্ভব হবে। পরিকল্পিতভাবে এ অঞ্চলে রসুন উৎপাদন বাড়ানো গেলে দেশের রসুন আমদানির ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।


মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।


তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা থাকলে দ্রুততম সময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।


সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সভাপতিত্ব করেন। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, কৃষি সচিব মো. সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে কৃষিমন্ত্রী প্রকল্প এলাকার ভবদহ বিল পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা পরিস্থিতি ও পানি নিষ্কাশন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।