নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানানো হয়। নিরাপত্তার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে।


বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যাংকটির অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। ব্যাংকটির শাখা আছে ২ হাজার ৫২৮টি। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। তবে সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এই ঋণসেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যার মুখে পড়ছেন।


এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো এসব সম্পদ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।


উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।