বিশেষ প্রতিনিধি
সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। চিনি কিনতে ১০৫ কোটি এবং ডাল কিনতে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানায়।
প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। ৫০ কেজির বস্তায় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড তা সরবরাহ করবে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এ দর প্রস্তাব করেছে। অন্যদিকে প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ মসুর ডালও সরবরাহ হবে ৫০ কেজির বস্তায়।
এদিকে পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনতে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। এর মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। আর রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। এ দুই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ২৫ বছর মেয়াদি ট্যারিফ কাঠামো ও গড় বিদ্যুৎ মূল্যের প্রস্তাব গতকাল অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
অন্যদিকে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এসব তেল সরবরাহ করবে।






