নিজস্ব প্রতিবেদক
শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এই কর্মসূচি ঘোষণা করেন।
১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের বিভিন্ন অংশীজনকে নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ। এছাড়া ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল এবং ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে কেবল বিচারিক জায়গা থেকে বিবেচনা করলে হবে না, বরং এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণগুলোও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের মধ্যে যারা ভারতের সেবাদাস হিসেবে কাজ করছেন, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন।
সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, হাদি হত্যার তদন্ত কতটুকু এগিয়েছে, তার দৃশ্যমান প্রমাণ ১৮ ডিসেম্বরের মধ্যে সরকারকে দেখাতে হবে। তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের নেতৃত্বকে কোনোভাবেই মানিয়ে-বুঝিয়ে ঘরে ফেরানো যাবে না। ১৮ ডিসেম্বর থেকে পরবর্তী করণীয় সম্পর্কে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে এবং তারা সংসদ ভবনের বাইরে নাকি ভেতরে অবস্থান করবে, তা জনগণই নির্ধারণ করবে।
মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফজলে রাব্বী সরকারসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






