নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে তাঁরা আনুষ্ঠানিকভাবে জানাবেন।
আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। এর আগে একই জায়গায় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১–দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।
পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সে সংলাপে ১১ দল জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী জেহাদ খানই প্রার্থী থাকবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১১–দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে জামায়াতকে জানিয়েছে।
১৬ ডিসেম্বরের আগে বাংলাদেশ দখল বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের পরিবহনমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রীরা বাংলাদেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিচ্ছেন। নিজ নিজ দেশের স্বাধীনতার প্রতি যারা শ্রদ্ধা রাখে, এমন গণতান্ত্রিক দেশের কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী এ ধরনের মন্তব্য করতে পারেন না।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘যারা সহস্রাধিক মানুষের খুনি, ৩০-৪০ হাজার মানুষকে আহত করেছে, এ দেশের মানুষ এ ধরনের মানবতাবিরোধী নিষ্ঠুরতা এখনো ভুলে যায়নি। তাদের গণতন্ত্রের কথা বলা কোনো দেশ এভাবে নগ্নভাবে সমর্থন করতে, প্রযুক্তিগত সহায়তা দিতে পারে না। এটি কোনো গণতান্ত্রিক দেশের পরিচয় নয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), মোবারক হোসাইন ও শফিকুল ইসলাম মাসুদ।





