নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’ এ সময় তিনি শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, তিনি (শেখ হাসিনা) আসবেন না ডিসেম্বরে। তিনি মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।
শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তারাও বোঝে যে এখন তিনি এই সম্পর্কের জন্য অস্বস্তিকর।’
শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, হাসিনা একজন অপরাধী। তাই তাঁর ফিরে আসার একমাত্র পথ হলো প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। তাঁকে হস্তান্তর করাই একমাত্র পথ। হাসিনা অপরাধীর আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করতে হবে।





