নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা তাদের নেই বলে তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প বলেন, সেখানে স্থিতিশীলতা না ফিরলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরান পারমাণবিক হামলা চালাতে পারে, যা একটি বড় ধরনের পারমাণবিক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। তবে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা নেই, বরং সেখানে শান্তি প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ইরানের শীর্ষ নেতাদের ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তাঁদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া হবে না। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের রক্ষা করার মতো সক্ষমতা অর্জন না করা পর্যন্ত তাদের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কোনো চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করলেন।





