নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ২০২৭ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সেশনজট জাদুঘরে চলে যাবে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামী শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হবে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধ্যক্ষ সম্মিলনের বিস্তারিত তথ্য জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও গৃহীত উদ্যোগের চিত্র তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের সময় প্রতিটি পর্যায়ে দুই থেকে তিন বছরের সেশনজট বিদ্যমান ছিল। ইতিমধ্যে এক বছর সেশনজট কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেশনজট শূন্যের কোঠায় নামিয়ে আনতে একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, পরীক্ষা ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মূল্যায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।




