লেখা:

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল শেষে এখন ভর্তি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দ্বিধা তৈরি হয়। উচ্চশিক্ষার জন্য কোনটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত: সম্মানজনক ও নামী বিশ্ববিদ্যালয় নাকি নিজের পছন্দের বিষয় বা সাবজেক্ট—এই প্রশ্ন কেবল ভবিষ্যতের পেশাগত জীবনকেই নির্ধারণ করে না, একইভাবে একজন তরুণের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং মানসিক তৃপ্তির ক্ষেত্রেও বিরাট প্রভাব ফেলে। আধুনিক শিক্ষাব্যবস্থা, প্রতিযোগিতামূলক চাকরির বাজার এবং ব্যক্তিগত ক্যারিয়ারের পরিসরে বিষয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব রয়েছে। তবে গভীর বিবেচনা ও বাস্তবধর্মী মূল্যায়নের মাধ্যমে সঠিক ভারসাম্য রক্ষা করাই সফল জীবনের চাবিকাঠি।


নামী বা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু সুনির্দিষ্ট সুবিধা রয়েছে, যা একজন শিক্ষার্থীর ক্যারিয়ারের শুরুতেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার অর্থ কেবল ভালো ডিগ্রি অর্জন করা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি ও ক্যাম্পাস প্লেসমেন্টের সুবর্ণ সুযোগ। করপোরেট দুনিয়ায় অনেক সময় নামী প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু প্রাথমিক সিভি শর্টলিস্টিংয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে।


অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড নেমের চেয়ে নিজের পছন্দের বা যুগের চাহিদাসম্পন্ন বিষয়ের ওপর জোর দেওয়ার গুরুত্বও কোনো অংশে কম নয়; বরং অনেক ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি সফলতার মূল ভিত্তি। একজন শিক্ষার্থী যদি এমন কোনো বিষয় বেছে নেয়, যাতে তার সত্যিকারের আগ্রহ বা প্যাশন নেই, তবে কেবল একটি বিখ্যাত প্রতিষ্ঠানের চার দেয়ালের ভেতর কাটিয়েও সে পেশাগত জীবনে স্থবিরতা অনুভব করতে পারে। বর্তমান একবিংশ শতাব্দীতে ডিগ্রি বা প্রতিষ্ঠানের নামের চেয়ে স্কিল বা দক্ষতা এবং ইনোভেটিভ আইডিয়ার মূল্যায়ন বহুগুণ বেশি। কোনো শিক্ষার্থী যদি ইংরেজি, আইন, সিএসই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সের মতো যুগোপযোগী বিষয়গুলোতে নিজের আগ্রহ অনুযায়ী গভীর জ্ঞান অর্জন করে, তবে সে যেকোনো সাধারণ কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্বমানের পেশাদার হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা কেবল সামাজিক প্রভাবে বা বাবা-মায়ের চাপে পড়ে কোনো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে অপছন্দের বিষয় নিয়ে ভর্তি হয়ে পরবর্তী সময়ে মানসিক অবসাদে ভোগে এবং পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হয়।


উচ্চমাধ্যমিকের পর ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো বিষয়ের মধ্যে কোনো একটিকে একেবারে অন্ধভাবে বেছে না নিয়ে উভয়ের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সমীকরণ তৈরি করা বুদ্ধিমানের কাজ। আদর্শ পরিস্থিতিতে শিক্ষার্থীকে প্রথমে তার নিজস্ব আগ্রহ, শক্তি ও দুর্বলতা চিহ্নিত করে একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে এবং এরপর সাধ্যমতো সেরা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের জন্য চেষ্টা চালাতে হবে। যদি কোনো শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত বিষয়টি দেশের সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ না পায়, তবে তার হতাশ না হয়ে মাঝারি মানের প্রতিষ্ঠানে থেকেও সেই নির্দিষ্ট বিষয়ের ওপর অতিরিক্ত অনলাইন কোর্স, ইন্টার্নশিপ এবং প্রজেক্টের মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে নেওয়া উচিত। একটি ভালো বিশ্ববিদ্যালয় কেবল আপনার শুরুর পথকে কিছুটা প্রশস্ত করতে পারে, কিন্তু একজন শিক্ষার্থীর দীর্ঘ পথচলার আসল ইন্ধন জোগাবে তার নির্বাচিত বিষয়টি এবং তাতে শিক্ষার্থীর দক্ষতা। তাই অন্ধ অনুকরণ থেকে বেরিয়ে নিজের মেধা ও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোই একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব।